প্রকাশিত জুন ২৪, ২০২৬
গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার লক্ষ্যে শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে ‘ব্যাংকিং সেবায় উদ্ভাবন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার, ২৪ জুন ২০২৬, বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালার শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও চীফ ইনোভেশন অফিসার ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে বেসিক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল ও উপব্যবস্থাপনা পরিচালক ও ইনোভেশন অফিসার সুভাষ চন্দ্র দাস, এফসিএ, এফসিএমএ, মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ মমিনুল হক, মোঃ নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মোঃ হাসান ইমাম, মোঃ গোলাম সাঈদ খান, সাইদুর রহমান সোহেলসহ বিভাগীয় প্রধান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারাদেশে অবস্থিত ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখার প্রধানগণ ভার্চুয়াল মাধ্যমে কর্মশালায় যুক্ত হন।
কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে গ্রাহকসেবা আরও কার্যকর করার জন্য উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে ব্যাংকিং কার্যক্রমকে আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী করা যায়, এই কর্মশালায় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে বেসিক ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি আরও গতিশীল করতে হবে। এজন্য ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তাধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। কর্মশালাটি আগামী দিনে ব্যাংকের সেবার মান উন্নয়ন এবং গ্রাহকদের জন্য আধুনিক, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।